পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদের সদস্যদের ৫ দফা দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:২১ অপরাহ্ন | সারাদেশ
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড় ): ইউপি সদস্যদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করা সহ ৫ দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বোদা উপজেলা ইউপি সদস্য ঐক্য পরিষদ। বুধবার দুপুরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইউপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু বর্তমানে ইউপি সদস্যদের যে সম্মানী ভাতা দেয়া হয় তা দিয়ে একজন মানুষ কোনভাবেই তার সংসার চালাতে পারেন না। ইউপি সদস্যরা উপজেলার আইন শৃঙ্খলা সহ অনেক অনুষ্ঠানে থাকতে পারেন না। অনেক সময় ইউপি সদস্যদের নামে মামলা দায়ের হলে গ্রেপ্তার হতে হয়। এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি নেয়ার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা ইউপি সদস্য ঐক্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব সহ অনেকে।
এসময় উপজেলার ১০টি ইউনিয়নের ইউপি সদস্যরা সহ সংরক্ষিত নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বোদা উপজেলা পরিষদ চত্বরে যান ইউপি সদস্যরা। পরে সেখানে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি স্থানীয় সরকার মন্ত্রী বরাবরে নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

